দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘সব নারীতেই মা’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়-এ আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন ১২ জন নারী শিল্পী।
জলকন্যা নারীদের একটি সংগঠন, যেখানে জলের সহযোগিতায় ব্যবহৃত বিভিন্ন রঙের মাধ্যমে শিল্পচর্চা করা হয়। সেই ভাবনা থেকেই সংগঠনটির নাম রাখা হয়েছে ‘জলকন্যা’। প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার বাইরেও যারা নিয়মিত ছবি আঁকেন, তাদের কাজকে গুরুত্ব দিয়েই এই আয়োজন।
‘সব নারীতেই মা’ জলকন্যার দশম প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও কফি মাধ্যমের শিল্পকর্মও স্থান পেয়েছে।
রোববার (১০ মে) বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান এবং সংগীতশিল্পী মেহরীন। জলকন্যার ১২ জন শিল্পীর ৩৫টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী।
এই আয়োজনের কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার। প্রদর্শনীর টাইটেল স্পনসর হিসেবে রয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি।
উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে মা দিবস উপলক্ষে অতিথিদের বক্তব্য এবং অতিথি ও জলকন্যার শিল্পীদের উপহার প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন।
কিউরেটর শিল্পী অশোক কর্মকার বলেন, ‘জলকন্যার প্রতিটি প্রদর্শনীতে একটি ভিন্নতা থাকে। জলকন্যারা ছবি এঁকে প্রদর্শনী করছে। নাম দিয়েছে সব নারীতেই মা। মায়েরা নিজেদের কাজের বাইরেও যে ছবি আঁকছে, প্রদর্শনী করছে সেজন্য তাদের ধন্যবাদ।’
সংগীতশিল্পী মেহরীন বলেন, ‘আমি একজন মা আবার আমারও একজন মা আছেন। মা হিসেবে আমার অনেক স্মৃতি। এক জীবনে মায়ের কথামতো চললে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। স্বর্গের চাবিই কিন্তু মায়ের হাতেই থাকে।’
চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান বলেন, ‘একটি বিশেষ দিনই শুধু মা দিবস না। প্রতিদিনই মা দিবস। পৃথীবীই আমার মা। এই মাটি আমার মা। জলকন্যারা মা হিসেবে সকল কাজ করেও তারা এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন, তাদের সাধুবাদ জানাই।’
জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ বলেন, ‘মাতৃত্ব একটি বোধের নাম। বয়ঃসন্ধিকালের সাথে মেয়েদের যে শারীরিক পরিবর্তন ঘটতে থাকে ঠিক সেই সময় থেকেই একটি মেয়ের ভেতরে মাতৃত্ববোধের জন্ম হয়। শুধুমাত্র নিজ গর্ভে সন্তান জন্ম দিলেই মা হয় না। পৃথিবীতে অনেক মা-ই সন্তানকে অবৈধ ভেবে আঁস্তাকুড়ে ফেলে দেন। মা হতে হলে মাতৃত্ব বোধ থাকতে হবে। তাই আমি মনে করি, সব নারীতেই মা বিদ্যমান।’
অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন— সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, মাহ্ফুজা খানম, জ্যাকলিন রিয়া রোজারিও, শামা সায়োম, এনেষ্টিনা পাপিয়া গমেজ, দীপান্বিতা মহলদার, ইসরাত বিনতে রউফ, সালসাবিল সুলতানা, জীনাতুল কুবরা নিপা এবং সিলভিয়া তেরেজা কস্তা।
প্রদর্শনীটি চলবে শুক্রবার (১৫ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে আসা যাবে।
/অ